ওয়ানডে বোলিংয়ের শীর্ষ পাঁচে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমন পারফরম্যান্সের কারণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার। একইসাথে ওয়ানডে অলরাউন্ডারের তালিকাতেও শীর্ষে আছেন সাকিব।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোলারদের র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে।

সদ্য সমাপ্ত ঘরের ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে মোট ৬ উইকেট শিকার করেছেন সাকিব।প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট শিকার করেছিলেন তিনি। তবে সিরিজের শেষ ম্যাচে দারুণ ছন্দে ছিলেন এই টাইগার অলরাউন্ডার।

সেই ম্যাচে ইংলিশদের ৪ উইকেট শিকার করেন তিনি। একইসাথে ব্যাট হাতে ৭৫ রান করেছিলেন সাকিব। তার এমন পারফরম্যান্সের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, সিরিজে ২ ফিফটি করার কারণে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও ৫ ধাপ এগিয়ে বর্তমানে সাকিবের অবস্থান ২৭তম।

এছাড়া ইংলিশদের বিপক্ষে খেলা শেষ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন সাকিব। ওয়ানডেতে একই ম্যাচে ব্যাট হাতে হাঁফসেঞ্চুরিসহ বল হাতে চার উইকেট বা তার বেশি শিকার করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৫৮ জন। তবে সবচেয়ে বেশি এমন ঘটনার সাক্ষী হয়েছেন এ তারকা ক্রিকেটার।

ক্যারিয়ারে ৪ বার এই কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও প্রথম। এতে শহিদ আফ্রিদি এবং ক্রিস গেইলকে টপকেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »