নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের হ্যারি ব্রুক আর ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি।
মঙ্গলবার গত মাসের সেরা বাছাইয়ে মনোনীতদের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। নারীদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ইংল্যান্ডের ন্যাট সিভার ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।
দীর্ঘ ইনজুরি কাটিয়ে চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ভারতের জাদেজা। ঘরের মাঠে প্রথম দুই টেস্টেই হয়েছেন ম্যাচসেরা। নাগপুর টেস্টে ৭০ রানের ইনিংসের পাশাপাশি দুই ইনিংসে নেন ৭ উইকেট। দিল্লিতে ক্যারিয়ারে সেরা বোলিংয়ে ইনিংসে নেন ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট শিকার করেছেন তিনি। যার সুবাদে মাস সেরার লড়াইয়েও জায়গা পেয়েছেন জাদেজা।
ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দুর্দান্ত খেলেছেন হ্যারি ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে পিংক বল টেস্টে দুই ইনিংসেই ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের এ ক্রিকেটার। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ১ রানে অবিশ্বাস্য জয়ের ম্যাচে খেলেন ক্যারিয়ারসেরা ১৮৬ রানের ইনিংস।
পাকিস্তানে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কারণে গত ডিসেম্বরের সেরা হয়েছিলেন ব্রুক। সেই সফরে তিন টেস্টেই সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার।
এছাড়া জিম্বাবুয়ে সফরে দারুণ খেলেছেন উইন্ডিজের গুডাকেশ মোটি। দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।
অন্যদিকে, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। যার ফলে মাসের সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপে দুই ফিফটিতে ৭২ গড়ে টুর্নামেন্টে করেন ২১৬ রান ইংল্যান্ডের ন্যাট সিভার।
এছাড়া অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের নায়িকা অ্যাশ গার্ডনার হয়েছেন বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা। বল হাতে ১০ উইকেটে শিকারসহ সেমি-ফাইনাল ও ফাইনালে ৩১ ও ২৯ রান করেছেন তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
