নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলকে স্রেফ উড়িয়ে দিয়েছে দক্ষিণাঞ্চল। বিসিএলের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড দক্ষিণাঞ্চলের দখলের। এ জয়ে বিসিএলে ষষ্ঠ শিরোপা জয় দক্ষিণাঞ্চলের।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলকে এক ইনিংস ও ৩৩ রানে হারিয়ে চারদিনের ম্যাচের শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল।
প্রথম ইনিংসে ৫০০ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চলকে ২৩০ রানেই গুঁড়িয়ে দেয় দক্ষিণাঞ্চল। ফলো-অনে পড়া প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে ২৩৭ রানে থামায় তারা।
দক্ষিণাঞ্চলের পাহাড়সমান রানের পুঁজি গড়ার পথে ক্যারিয়ার সেরা ২৪৬ রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। এতে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি এ ওপেনার। অপরাজিত ১২০ রান করে বড় অবদান রাখেন মার্শাল আইয়ুবও।
মধ্যাঞ্চলকে দ্বিতীয় ইনিংস বেশিদূর না যেতে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন দক্ষিণাঞ্চলের পেসার খালেদ। ৭৪ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি খালেদের পঞ্চম পাঁচ উইকেট।
৩ উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নামা মধ্যাঞ্চলের দিনের শুরুটা ভালো হয়নি। ৮ বলের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে দলটি। ৯০ রানে ৭ উইকেটে হারানো দলের হাল ধরেন শরিফুল্লাহ ও আবু হায়দার। নিজেদের সেরাটা দিয়ে মধ্যাঞ্চলের ইনিংস ব্যবধানে হার এড়ানোর আশা জাগায়। দারুণ ব্যাটিংয়ে ৭০ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ফিফটি করেন আবু হায়দার। এছাড়া ৫০ রান করেন শরিফুল্লাহ।
তবে ১২১ রানের জুটি ভাঙেন খালেদ। ৯ চারে ৬৩ রান করা শরিফুল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আবু হায়দারকে কিছুক্ষণ সঙ্গ দেওয়া হাসান মুরাদকে আউট করেন নাজমুল অপু। সবশেষে আবু হায়দারকে সাজঘরে পাঠিয়ে দক্ষিণাঞ্চলকে জয় এনে দেয় খালেদ। ৪ ছক্কা ও ৬ চারে ৭৭ রান করেন আবু হায়দার।
এস.আর/নিউজক্রিকেট২৪
