নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানালেন পাকিস্তানের পেস বোলার সোহেল তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা চালিয়ে যাবেন সোহেল।
সোহেল তানভীর দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাহিয়ে রয়েছেন। ২০১৭ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ১০০টিরও বেশি আন্তর্জাতিক উইকেটে শিকার করেছেন ৩৮ বছর বয়সী এ পেসার।
টুইটারে নিজের অবসরের ঘোষণা দিয়ে সোহেল তানভীর লিখেন, ‘আমি ক্রিকেটের সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলা চালিয়ে যাব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেয়ার জন্য।’
পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল তানভীর। দুই টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৭১ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট শিকার করেছেন নিয়েছেন পাকিস্তানের এই পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
