নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এইডেন মার্করামকে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে প্রোটিয়াদের টি-টোয়েন্টির নেতৃত্বে দেখা যাবে মার্করামকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দল থেকেই একবারে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার টেম্বা বাভুমা। তবে ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ হিসেবে স্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনি। তবে শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সাবেক পেসার রোরি ক্লেইনভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার নতুন সাদা বলের কোচ রব ওয়াল্টার এবং সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির মধ্যে আলোচনায় কাজ হয়নি। তাই ডু প্লেসিকে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন প্লেসি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি এবং ওয়ানডে দলে ছিলেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রেইজ শামসি ও ত্রিস্তান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, আন্দিলে ফিকোয়া, ত্রিস্তান স্টাবস, লিজাড উইলিয়ামস, রেসি ফন ডার ডুসেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
