ভারত সফরে চতুর্থ টেস্টেও অধিনায়ক স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে দুই টেস্ট খেলার পর মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। এতে স্মিথের নেতৃত্বে তৃতীয় টেস্টে মাঠে নামে অজিরা।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে হারের দেখা অস্ট্রেলিয়া। এরপরে স্মিথের নেতৃত্বে তৃতীয় টেস্টে ৯ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টেও নিয়মিত অধিনায়ক কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই তার বদলে অজিদের এই টেস্টেও নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কামিন্স তার পরিবারের কাছে আছে। সেখানে থাকলেও নিয়মিত দলের খোঁজ খবর নিচ্ছে। আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে তার এবং তার পরিবারের জন্য। কঠিন সময়ে আমরা কোচিং স্টাফরাও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। খোঁজ-খবর নিচ্ছি। তার অবর্তমানে পরের টেস্টেও অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্মিথ।’

স্মিথের নেতৃত্বে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট অজিরা জিতলেও নিয়মিত অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই স্মিথের।

তিনি বলেছেন, ‘আমার সময় শেষ। এখন এটা কামিন্সের দল। সে নেই, তাই আমাকেই দায়িত্ব নিতে হলো এবং দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এটা আসলে সত্যিই কঠিন একটা পরিস্থিতি। প্যাট দেশে ফিরে গেছে জরুরি প্রয়োজনে। আমাদের শুভ কামনা ও দোয়া রয়েছে তার জন্য। অবশ্য ভারত আমার পছন্দের একটি দেশ, যেখানে অধিনায়কত্ব করাটাও আমি পছন্দ করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »