ঘরের মাঠে ইংলিশদের হারানো সম্ভব বিশ্বাস বাশারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। তবে ঘরের মাঠে ইংলিশদের হারানো সম্ভব বলে বিশ্বাস করেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।

প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে। আগামী পহেলা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে।

সিরিজকে সামনে গতকাল থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। ইতোমধ্যে সাকিব আল হাসান ছাড়া প্রায় সবাই অনুশীলনে যোগ দিয়েছেন। শুক্রবার চলছে তাদের দ্বিতীয় দিনের অনুশীলন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সেই অনুশীলন দেখতে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক ও টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন এই সহকারী নির্বাচক।

বাশার সুমন বলেন, ‘আমরা ফিফটি ওভারস ফরম্যাটে সবার বিপক্ষেই ধারবাহিকভাবে পারফর্ম করছি। যত ভালো দলই আসুক, আশা অবশ্যই আছে। ভারত কিন্তু অনেক ভালো দল, তাদের তৃতীয় সারির দলও যেকাউকে চ্যালেঞ্জ করতে পারে, তো এখানে আমরা ভারতকেও হারালাম।’

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন,’ইংল্যান্ডকে হারানো যাবে না, এমনটা কিন্তু না। আরেকটা জিনিস, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলতেতো কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে।’-তিনি আরও যোগ করেন।

যেকোনো কন্ডিশনেই ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। কিন্তু বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক। শুধু যে ঘরের মাঠে টাইগাররা ভালো খেলছে, তা কিন্তু না। সর্বশেষ সাউথ আফ্রিকা সফরেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বাশার বলেন, ‘ইংল্যান্ডকে হারানো সহজ হবে না। কিন্তু আমরা বড় বড় দলকে হারাচ্ছি। শুধু বাংলাদেশের মাটিতেই কিন্তু না, আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছি। সেখানকার কন্ডিশন কিন্তু খুবই কঠিন।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »