সৌরভের বিশ্বাস সেমিফাইনালে খেলবে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপের আসর। ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষও বাংলাদেশের বিপক্ষে সতর্ক থাকে। এ আসরকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশার পারদও তাই তুঙ্গে। এবারে বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।

শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সৌরভ। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও কথা হয়েছে।

এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে এবার বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের।’

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। আজ সকালে ঢাকায় পা এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

সৌরভের আশা এই সিরিজেও ইংলিশদের হারাবে বাংলাদেশ দল। তিনি বলছিলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।’

বাংলাদেশ ভালো খেললে সৌরভের ভালো লাগে, ‘আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »