স্টাফ রিপোর্টার »
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে পিএসএলকে না করে দিয়েছেন তারকা এই পেসার।
এবারের পিএসএলে মুলতান সুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। আসন্না ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতির কথা ভেবে পিএসএলকে না করে দিয়েছেন তিনি।
আজ শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তাসকিন।
তিনি বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে। দিনশেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা।’
তাসকিন বলেন, ‘আসলে বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ তো এটাই। কয়েক ম্যাচের জন্য যদি ওখান থেকে প্রস্তাব আসে আর সেখানে গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু একটা নিগেল ছিল, ইনজুরি থেকে সেরে উঠছি। পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’
এস.আর/নিউজক্রিকেট২৪
