বল হাতে অনন্য মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একইসাথে ৪৫০ উইকেট শিকারের দ্বিতীয় দ্রুততম বোলার হয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই এমন মাইলফলক স্পর্শ করেন এ অফ-স্পিনার।

আজ বৃহস্পতিবার নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করে নিজের ৮৮তম টেস্ট ম্যাচে ৪৫০টি উইকেটে পৌঁছেছেন রবিচন্দ্রন অশ্বিন। সাবেক শ্রীলঙ্কার অফ-স্পিনার মুথাইয়া মুরলিধরন ৮০ ম্যাচে ৪৫০ উইকেট ছুঁয়েছিলেন। দ্রুততম ৪৫০ উইকেট শিকার করা বোলার হিসাবে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি।

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন সাবেক অভিজ্ঞ লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ২.৬৯ ইকোনমি রেট এবং ২৯.৬৫ গড়ে ৬১৯টি উইকেট নিয়েছেন। এরপরে রয়েছেন সাবেক অধিনায়ক কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭) এবং ইশান্ত শর্মা (৩১১)।

টেস্ট ক্রিকেটে নবম সর্বোচ্চ উইকেট শিকারী রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র নয়জন বোলার আছেন যারা ৪৫০ উইকেটের সীমা অতিক্রম করতে পেরেছেন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন (৮০০)। তালিকায় তার পরে রয়েছেন প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৭৫), কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৫৬৬), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং ন্যাথান লিঁয় (৪৬০)।

এখনও পর্যন্ত ৮৮ টেস্টের ১৬৬ ইনিংসে ২.৭০ এর উপরে ইকোনমি এবং ২৪.০০ এর উপরে গড়ে ৪৫০ উইকেট শিকার করেছেন ৩৬ বছর বয়সী অশ্বিন। টেস্টে ৩০ বার এক ইনিংসে পাঁচ উইকেট এবং সাতবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৫৯ রান দিয়ে ৭ উইকেট শিকার তার ইনিংস সেরা পারফরম্যান্স।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »