সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন কামরান আকমল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের কামরান আকমল। কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার। একই সাথে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আকমল।

প্রায় পাঁচ বছরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি কামরান আকমল। এতে বারবার প্রত্যাবর্তনের চেষ্টা করেও সফল হননি। যার ফলে এ নিয়ে নির্বাচকদের উপরেও তার ক্ষোভ ছিল।

তবে জাতীয় দলে সুযোগ না পেলেও কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমল। একই সাথে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

শুধুমাত্র জাতীয় দল নয় যুব দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আকমল। পাকিস্তানের আঞ্চলিক এবং জেলা দলগুলোরও দেখাশুনা করবেন তিনি।

এসব দায়িত্ব সঠিকভাবে পালন করতেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন আকমল। তিনি জানিয়েছেন, ‘নির্বাচক ও কোচ হিসেবে আমার নতুন দায়িত্বের কারণে আমি আর ক্রিকেট খেলতে পারব না।’

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আকমলের। পাকিস্তানের জার্সিতে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে এবং ৫৮টি টি-২০ খেলেছেন তিনি। তিন ফরম্যাটে রয়েছে ৬০০০’র বেশি রান। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে শেষ বার খেলেন তিনি।

২০২২ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন আকমল। পিএসএলে ৭৪ ইনিংস খেলে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৭২ রান করেছেন। পিএসএলে তিনটি শতরানও করছেন তিনি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »