আইপিএল বেশিদিন টিকবে না: ইয়ান বোথাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বের ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর মাঝে বেশ জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তারকা ক্রিকেটারদের সমাবেশ আর বাড়তি টাকার ছড়াছড়ির কারণেই আইপিএল বেশ জনপ্রিয়। অনেক ক্রিকেটার আইপিএলে খেলার জন্য জাতীয় দলও ছাড়েন। তবে আইপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্যার ইয়ান বোথাম।আইপিএল বেশিদিন টিকবে না বলেও মন্তব্য করলেন এই কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার।

আইপিএল নিয়ে সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। তিনি প্রায়ই এ লিগ নিয়ে নানান ধরনের সমালোচনা করে থাকেন। এবার টেস্ট ক্রিকেটের সাথে আইপিএলের তুলনা করেছেন বোথাম।

তিনি বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’

বোথাম বলেন, ‘টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »