স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলায় অভিযোগপত্র দাখিল করেছে বাংলাদেশ পুলিশ। স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আজ (২রা ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
যৌতুকের টাকার জন্য স্ত্রীকে দিনের পর দিন নানা অত্যাচার এবং শারিরীক নির্যাতনের শিকার হয়ে অবশেষে মামলা করতে বাধ্য হন আল-আমিনের স্ত্রী বলে মামলায় অভিযোগ করা হয়। ২০১২ সালের বিয়ের পর পরই ফ্ল্যাট কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করে আল-আমিন এবং ইসরাত জাহানের বাবা যৌতুক না দেওয়ায় শুরু হয় অত্যাচার।
মামলায় ইসরাত জাহান উল্লেখ করেন, ২০২২ সালের ২৫শে আগস্ট আল-আমিন যৌতুকের টাকার জন্য ইসরাতের সাথে বাক-বিতন্ডায় জরিয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গা জখম করে। পরে ইসরাতের চাচার সহায়তায় হাসপাতাল থেকে চিকিৎসা করে আল-আমিনের বাসায় ফিরলে আবারও একই করে সে।
বিষয়টি বারবার পারিবারিকভাবে নিস্পত্তি করার ব্যার্থ চেষ্টার পর বাধ্যহয়ে স্বামীর বিপক্ষে গতবছরের ১লা সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আল-আমিনের স্ত্রী।
