নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেট দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। তবে কোচ হিসেবে সরাসরি মাঠে নয়, বেশিরভাগ সময়ে ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বাবর আজমদের। যা আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলা হয়েছে, আর্থারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। দ্রুত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। তবে বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করায় এখনই পাকিস্তানে যাওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে সম্ভব নয়।
মিকি আর্থার বর্তমানে ডার্বিশায়ারের প্রধান কোচ। ২০২৫ সাল পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন তিনি। ফলে পিসিবি চাইছে, আর্থার যেন অনলাইনে পাকিস্তান দলকে পরিষেবা দেন। তিনি খেলোয়াড়দের অনলাইনে প্রশিক্ষণ দেবেন।
মিডিয়াতে আরও বলা হয়েছে, পিসিবির বারবার অনুরোধের পর অবশেষে পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন আর্থার। এর আগে কোচিং করতে অস্বীকার করেছিলেন আর্থার। অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সাথে পিসিবির চুক্তি থাকতে পারে।
এটি যদি সত্যি হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে মিকি আর্থারই প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এর আগে সারা বিশ্বের ক্রিকেট বোর্ডগুলো অনলাইনে তাদের সভা পরিচালনা করলেও এমন ঘটনা ঘটেনি।
এর আগে ২০১৬ সালের মে থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আর্থার।
এস.আর/নিউজক্রিকেট২৪
