খুলনাকে হারিয়ে ১ম দল হিসেবে প্লে অফ নিশ্চিত সিলেটের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএল এর ইতিহাসে একমাত্র পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে খুলনা টাইগার্সকে ৩১ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আসরের ১ম দল হিসেবে সবার আগে প্লে-অফ নিশ্চিত করল দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করে ধারাবাহিক তৌহিদ হৃদয় এবং জাকির হাসানের শতরানের জুটিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট স্ট্রাইকার্স। চলতি আসরে চতুর্থ অর্ধশতক তুলে নেওয়া হৃদয়ের ইনিংস থামে ৭৪ রানে। ৪৯ বলের এই ইনিংসে ৯ টি চারের মার ছিল।

এছাড়া জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪টি বিশাল ছয় এবং ২ চারে ৩৮ বলে ৫৩ রানের এক কার্যকরী ইনিংস। এছাড়াও জিম্বাবুইয়ান রায়ান বার্ল শেষদিকে ১১ বলে ২১ এবং লংকান থিসারা পেরেরা ৭ বলে ১৭ রান করে সিলেটের রান ১৯২ এ নিয়ে যান।

১৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সক্ষম হয়৷ দলের কোন ব্যাটার অর্ধশতকের দেখা পায়নি। দলের হয়ে শাই হোপ এবং আজম খান সমান সর্বোচ্চ ৩৩ রান করেন।

সিলেটের পক্ষে রুবেল হোসেন ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। এতে তিনি বিপিএল ইতিহাসে ১ম পেসার হিসেবে শত উইকেটের দেখা পান। ৮০ ম্যাচে রুবেল ঝুলিতে পুরেন ১০১ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »