স্টাফ রিপোর্টার »
২০২২ সালটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য স্বপ্নের মতো কেটেছে। গতবছর ঘরের মাটিতে প্রায় এককভাবে ভারতকে ওয়ানডে সিরিজ হারানোর নায়ক মেহেদী হাসান মিরাজ ২০২২ সালের দুর্দান্ত খেলার স্বীকৃতি পেয়েছেন এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। আইসিসির কর্তৃক ঘোষিত ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মিরাজ।
আজ (মঙ্গলবার) আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২ সালে ওয়ানডেতে ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করা ১১ ক্রিকেটার নিয়ে বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে। এই দলে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে রয়েছেন মিরাজ।
২০২২ সালে মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা মিরাজ বাংলাদেশের হয়ে ১৫টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করে ২৮ গড়ে নিয়েছেন ২৪ উইকেট।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে এই বছর দুর্দান্ত কেটেছে মিরাজের। ভারতকে হারানো ম্যাচে দারুণ এক সেঞ্চুরি সহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান।
