কোচ সালাউদ্দিনকে জরিমানা বিসিবির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সালাউদ্দিনের নামে।

শনিবার (১৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেইদিনে মাঠে জাকের আলি অনিকের আউটের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত পা বাঁধা আছে। যা হওয়ার তাই হবে আর কি।’

সেই ঘটনার কারণে রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানিয়েছে, ‘শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিরুদ্ধে কুমিল্লার ম্যাচের পর সালাউদ্দিনকে বিসিবি কোড অব কন্ডাক্ট এবং প্লেয়ার সাপোর্ট প্যানেলের লেভেল ২ অনুচ্ছেদ ২.৭ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যা ‘একটি ম্যাচে ঘটতে থাকা একটি ঘটনার বিষয়ে পাবলিক সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য’-এর সঙ্গে সম্পর্কিত।’

বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। একই সাথে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে এ কোচের নামের পাশে। মোহাম্মদ সালাউদ্দিন ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। দোষ স্বীকার করায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

অন্যদিকে, মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস এবং মোরশেদ আলি খান, থার্ড আম্পায়ার তানভীর আহমেদ এবং ফোর্থ অফিসিয়াল মোজাহিদুজ্জামান স্বপন এই অভিযোগ তুলেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »