ঘরের মাঠে ১ম ম্যাচেই বরিশালের কাছে হারল চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার »

আজ (শুক্রবার) থেকে শুরু টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- ২০২৩ এর চট্টগ্রাম পর্ব। এই পর্বের ১ম ম্যাচেই সাকিব আল হাসানের শক্তিশালী ফরচুন বরিশালের ছুড়ে দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ২৬ রানে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালে দুই উদ্ভোধনী ব্যাটার এনামুল হক বিজয় এবং মেহেদী হাসান মিরাজের মাত্র ৩ ওভারে ৩৩ রানের জুটির উড়ন্ত সূচনা বরিশালকে বড় সংগ্রহের ভীত গড়ে দেয়। মিরাজ ১২ বল মোকাবেলায় ২০০ স্ট্রাইকরেটে ২৪ রানে তাইজুলের শিকারে পরিণত হন।

এরপর অধিনায়ক সাকিব আল হাসান দুই বলে দুই চার মেরে ইনিংস শুরু করলেও মৃন্তুঞ্জয় চৌধুরীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এরপর পাকিস্তানি ইফতিখার আহমেদের ২৬ বলে ৫ টি বিশাল ছয় ও তিনটি চারের সাহায্যে করা ৫৭ রানের ঝড়ো ইনিংস বরিশালকে ২০০ রানের কৌটা ছুতে সহায়তা করে। এছাড়া বিজয় করেন ২১ বলে ৩০ রান। নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০২।

চট্টগ্রামের পক্ষে আবু জায়েদ রাহী ৩টি উইকেট শিকার করলেও ছিলেন বেশ খরুচে। তিনি ৪ ওভারে রান দিয়েছেন ৪৯। এছাড়াও সবচেয়ে খরুচে ছিলেন মৃন্তুঞ্জয়। তিনি ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান।

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই উদ্ভোধনী ব্যাটার মাত্র ৫ ওভারে ৪৮ রানের দারুণ শুভসূচনা এনে দিলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরবর্তী ব্যাটাররা। বিশেষ করে এত বড় লক্ষ্য তাড়া করতে যেয়ে ভারতীয় উন্মুখ চাঁদের ২১ বলে ১৬ রানের ইনিংস চট্টগ্রামকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

তবে শেষ দিকে জিয়াউর রহমানের ২৫ বলে ৪৭ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সহয়তা করে। চট্টগ্রাম তাদের নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারালেও রান সংগ্রহ করে ১৭৬।

বোলিংয়ে বরিশালের অধিনায়ক সাকিব ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৭ রান খরচ করে ১ টি উইকেট তুলে নেন। সাকিবের চেয়েও কিপ্টে বোলিং করেন শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভা। তিনি তার কোটার ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন ২৬ বলে ৫৭ রান করা বরিশালের পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »