নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে দেখা যাবে না। চোটের কারণে তাকে দলে পাচ্ছে না কিউইরা। এছাড়া কয়েকবার দলকে নেতৃত্ব দেয়া টিম সাউদিও থাকছে না ভারত সফরে। তাই এই সিরিজে কিউইদের নেতৃত্ব দিবে মিচেল স্যান্টনার।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে। বাকী দুই ম্যাচ যথাক্রমে ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৮, ২১ ও ২৪ জানুয়ারি।
মিচেল স্যান্টনার এর আগেও নিউজিল্যান্ডের বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার বড় চ্যালেঞ্জ এর মুখে তিনি। ভারত সফরে পুরো টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের হয়ে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যান্টনার। যেখানে ক্যারিয়ারে ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের। তবে পুরো সিরিজ নেতৃত্ব দিয়েছেন আগে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। তবে সেসব ছিল মূল অধিনায়কের চোট কিংবা বিশ্রামের কারণে স্রেফ একটি করে ম্যাচে। এবার প্রথমবারের মতো পুরো সিরিজে নেতৃত্ব দিবেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
অন্যদিকে, ভারত সফরে ওয়ানডে সিরিজেও থাকবেন না উইলিয়ামসন-সাউদিরা। সেই সিরিজে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। এর আগেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, বেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
এস.আর/নিউজক্রিকেট২৪
