স্টাফ রিপোর্টার »
এবার বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। গত বছর জিম্বাবুয়ে সফরের সময় আঙুলে চোট পেয়েছেন সোহান। তবে অস্ত্রোপচার করা হলেও আঙুলে ব্যথা কমেনি, তবে সেই অবস্থায় মাঠে নামছেন সোহান। ৯ আঙ্গুল থাকলে সেটা নিয়েই খেলার চেষ্টা করবেন বলে জাানিয়েছেন রংপুরের অধিনায়ক সোহান।
জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব পান সোহান। তবে সেই সিরিজেই দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপরে সিঙ্গাপুরে পরে তার আঙুলের অপারেশন করানো হয়েছে। পুনবার্সন শেষে অক্টোবরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
সোহানের অস্ত্রোপচারের পর আঙুলের চোটের সমস্যার সমাধান মিলেনি। ব্যথা নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি ম্যাচও খেলেছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে খেলেছেন ইনজেকশন নিয়ে আঙুল অনেকটা অবশ করে। এবার বিপিএলও খেলছেন, নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। কিন্তু এটাকে অজুহাত হিসেবে দেখতে চান না এই উইকেটরক্ষক-ব্যাটার। প্রয়োজনে চোট নিয়েই খেলতে চান তিনি।
সোহানের নেতৃত্বে বিপিএলের উদ্বোধনী দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে রংপুর। যেখানে ১১ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
রংপুরের জয়ের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে সোহানকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘যে আঙ্গুলটায় অস্ত্রোপচার হয়েছে, এটা নিয়ে একটু ভুগছিলাম। ম্যাচের ওপরও প্রভাব ফেলছিল। আমার কাছে মনে হয়, এটা যেহেতু খেলারই অংশ তাই খুব বেশি কিছু চিন্তা করতে চাই না। কোনো অযুহাত বা কথা বলা নয়…আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়ে আর কথা বলবো না। যে অবস্থায় আছে, মেনে নিতে হবে। যদি আমার নয়টা আঙ্গুল থাকে, তাহলে নয়টা নিয়েই খেলার চেষ্টা করবো।’
এস.আর/নিউজক্রিকেট২৪
