স্টাফ রিপোর্টার »
আজ (শুক্রবার) পর্দা উঠছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৩ (বিপিএল)’ – এর নবম আসরের। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আসরের উদ্ভোধনী ম্যাচে আজ মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের সরাসরি চুক্তি এবং নিলামের মাধ্যমে নিয়ে নিজেদের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া এবারের দলগুলো দেশি কোচদের উপর ভরসা রেখেই নিজেদের ঝালাই করেছে।
এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাছাড়া দলটিতে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম সহ রুবেল হোসেন, নাজমুল শান্তর মত পরিক্ষিত দেশিরা।
এছাড়া বিদেশি কোটায় এবার সিলেটের হয়ে মাঠ মাতাবেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্মেন্স করা নেদারল্যান্ডসের কলিন একারম্যান। এছাড়া রয়েছেন পাকিস্তানি মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিমের মত তারকা ক্রিকেটার, টি-টোয়েন্টির মহারতী শ্রীলঙ্কার থিসারা পেরেরা সহ আরো অনেকে।
এদিকে তুলনামূলক কম বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল সাজানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার ভরসা রাখছে দেশি ক্রিকেটারদের উপর।
অধিনায়ক শুভাগত হোমের নেতৃত্বে দলটির হয়ে এবার মাঠ মাতাবেন আফিফ হোসেন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমানের মত পরিক্ষিত ক্রিকেটাররা।
এছাড়াও বিদেশি কোটায় রয়েছেন অভিজ্ঞ ভারতীয় উন্মুখ চাঁদ সহ আরো অনেকে।
