স্টাফ রিপোর্টার »
২ বছরের চুক্তিতে জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্যারি ব্যালেন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে স্কোয়াডে রাখা হয়েছে ব্যালেন্সকে।
সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ব্যালেন্স। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ইংল্যান্ড টেস্ট দলে নিয়মিত মুখ ছিলেন তিনি। এই সময়ে তিনি খেলেছেন ২৩টি টেস্ট। যেখানে ৩৭.৪৫ গড়ে ১৪৯৮ রান করেন ৪ টি শতকের সাহায্যে।
এছাড়াও ব্যালেন্স ইংল্যান্ডের হয়ে ১৬টি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করেন। যেখানে পরিসংখ্যান খুব একটা সুখকর নয় ব্যালেন্সের জন্য। ২১ গড়ে ২১৬ রান করেন এই ১৬ ম্যাচে।
জিম্বাবুয়ের দলভুক্ত হয়ে ব্যালেন্স জানান, ‘ জিম্বাবুয়ে দলভুক্ত হতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। কিছু অসাধারণ কোচ এবং খেলোয়াড়দের সাথে কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি।’
তিনি আরো জানান, ‘জিম্বাবুয়ে দলের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে খেলাটার প্রতি নতুন আবেগ এবং উত্তেজনা দিয়েছে। এবং জিম্বাবুয়ের সাম্প্রতিক অগ্রগতি দেখে খুব ভালো লাগছে।
চলতি মাসের ১২ তারিখে ১ম টি-টোয়েন্টিতে ঘরের মাঠ হারারেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে দল। এছাড়া সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৪ ও ১৫ জানুয়ারি।
