আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা

স্টাফ রিপোর্টার »

চলতি বছরের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সুযোগ পেয়েছেন মোট চার জন তরুণ ক্রিকেটার। তারা হলেন, ভারতের আর্শদিপ সিং, সাউথ আফ্রিকার র্কো জানসেন, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

২০২২ সালে বল হাতে সেরা সময় কাটিয়েছেন ভারতের আর্শদিপ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন তিনি। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে বিশ্বকাপে দলের পেস ইউনিটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ তরুণ ক্রিকেটার।

চলতি বছরে টি-টোয়েন্টিতে প্রায় ১৮ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন আর্শদিপ। যেখানে তার ইকোনোমি ছিল প্রায় ৮।

সাউথ আফ্রিকার দলে পেস ইউনিটে নতুন মাত্রা যোগ করেছেন জানসেন। চলতি বছরে বল হাতে প্রায় ১৯ গড়ে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। একই সাথে ব্যাট হাতেও দারুণ ভূমিকা রেখেছেন তিনি।

এ বছর প্রায় ২৩ গড়ে টেস্টে ২২৯ রান করছেন। এছাড়া ওয়ানডেতে ২ উইকেট এবং টি-টোয়েন্টিতে এক উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার।

চলতি বছর স্বপ্নের মতো কাটিয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের হয়ে সেরা রান সংগ্রাহক ছিলেন। আইসিসির বিশ্বকাপে সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন।

এ বছর টি-টোয়েন্টিতে প্রায় ২২ গড়ে ৪১১ রান করেছেন তিনি। যেখানে প্রায় ১৫৫ স্ট্রাইকরেটে তিনি ব্যাটিং করেছেন। এছাড়া ওয়ানডেতে প্রায় ৩৯ গড়ে ৩৮৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

২০২২ সাল দুর্দান্ত কাটিয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ওয়ানডেতে প্রায় ৭২ গড়ে ৪৩১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইকরেটও ছিল দুর্দান্ত। এ বছর ওয়ানডেতে প্রায় ৮৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৩৭ গড়ে ৩৬৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »