ক্রীড়া প্রতিবেদক »
বাংলাদেশ – ভারতের মধ্যকার চলমান টেস্টের তৃতীয় দিন শেষ হলো আজ। বাংলাদেশকে জয় পেতে হলে পাড়ি দিতে হবে পাহাড়সম বাঁধা। জয়ের জন্য বাংলাদেশের এখনো প্রয়োজন ৪৭১ রান হাতে অবশ্য রয়েছে সবকটি উইকেট। জয়ের আশা এখনো ছাড়ছে না বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের পর এমন আশা করাটা কিছুটা বোকামি হলেও ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা!
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ শেষদিকে চট্টগ্রামের উইকেট ভালো হয়। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে এখানে হেরেছি। টেস্ট ক্রিকেটে সবকিছু সম্ভব। আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ এবং ভালো সুযোগ বলেও মনে করি৷ এমন একটা ম্যাচে যদি আমরা ভালো খেলতে পারি আত্মবিশ্বাস বাড়বে’।
লক্ষ্যটা পাহাড়সম বলেই কোনো বিশেষ পরিকল্পনা নিয়ে খেলতে চাননা টাইগাররা। নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান টাইগাররা। মিরাজ আরো বলেন, ‘ ওমন পরিকল্পনা নির্ধারণ করা যাবেনা। কেননা এখনো দুইদিন বাকী। রানও অনেক বাকী। ব্যাটারদের খেলা চালিয়ে যেতে হবে। অবশ্যই ম্যাচের ফল আসবে৷ তবে ড্র হওয়ার সম্ভাবনা দেখছি না’।
মিরাজ আরো জানায়, ‘ উইকেট ভালো ছিল এখনো ভালো আছে। আমাদের ব্যাটসম্যানরা বুঝতে পেরেছে কোথায় দূর্বলতা আছে। আমি বিশ্বাস করি আমরা ভালো খেলবো ‘।
