বিজয় দিবস উপলক্ষে বিশেষ জার্সিতে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক »

আজ বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের (১৬ ডিসেম্বর) এই দিনে বাংলাদেশ অর্জন করেছিল নিজেদের স্বাধীনতা। আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে লড়ছে বাংলাদেশ দল। দেশের অন্য সকলের মতো সাকিব আল হাসানরাও অবশ্য মাঠে থেকেই পালন করছেন মহান বিজয় দিবস।

ভারতের বিপক্ষে তৃতীয় দিনে বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দল পরেছে বিশেষ এক জার্সি। সাধারণত বাংলাদেশ দলের জার্সিতে বুকের ডান পাশে লেখা থাকে পৃষ্ঠপোষকদের লোগো। তবে আজ বিজয় দিবস উপলক্ষ্যে সেই ডান পাশে জার্সি জুড়ে রয়েছে লাল সবুজের পতাকা। নিচে লেখা রয়েছে ‘৫১’তম বিজয় দিবস।

যদিও সাগরিকার টেস্টে এই মুহুর্তে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। ভারতের প্রথম ইনিংসে ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ দল করেছে মোটে ১৫০ রান। ২৫৪ রানের লিড নিয়ে এই মুহুর্তে ব্যাট করছে ভারতীয় দল। কোনো উইকেট না হারিয়ে লেকেশ রাহুলের দল সংগ্রহ করেছে ৩৬ রান।

অন্যদিকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে মাঠে নেমেছে শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশ। অন্যবার সাবেক ক্রিকেটাররা খেললেও এবারের ম্যাচটিতে খেলছেন বর্তমান সময়ের ক্রিকেটাররা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল দশটায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »