শান্ত-জয়দের টেস্টে যথেষ্ট সুযোগ দিতে চান ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক »

চট্টগ্রামে আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে  বাংলাদেশ-ভারতের মধ্যকার ১ম টেস্ট। বিগত দিনগুলোতে ব্যাটিংয়ে বাংলাদেশের টপ-অর্ডার খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে তরুণদের উপর ভরসা রাখছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়দের সাম্প্রতিক পারফর্মেন্স খুব একটা ভাল না হলেও তাদেরকে আরো সুযোগ দেওয়ার পক্ষে ডোমিঙ্গো। তিনি মনে করেন টেস্টে টপ অর্ডার ব্যাটারদের খুব কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। তাই তাদের কয়েক ম্যাচের ব্যার্থতায় ছেটে ফেলা উচিৎ নয়। তাদের কাছ থেকে ভালো ফলাফল পেতে সবাইকে ধৈর্য ধরার আহবান জানালেন তিনি।

ডোমিঙ্গো বলেন, ‘টপ অর্ডারে তরুনদের ব্যাট করা সবসময় কঠিন। টেস্টে সে (শান্ত) ভালো কিছু ইনিংস খেলেছে। ২টি সেঞ্চুরি রয়েছে তার যার একটি শ্রীলঙ্কার বিপক্ষে।’

টেস্টের জয়ের অবস্থান নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘জয় প্রথাগত ওপেনার কখনোই ছিল না। আপনি হয়ত তাকে ৩ বা ৪ এ দেখতে চান। টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে বা ৩ নম্বরে ব্যাট করার বিষয়টি খুব একটা সহজ নয়। তরুণদের উপর ভরসা করতেই হবে। তারা আস্থার প্রতিদান দিয়ে ভালো শুরু করলেই কোচ-নির্বাচকরা খুশি হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »