আইপিএলে এবার বদলি খেলোয়াড় নামানোর সুযোগ

ক্রীড়া প্রতিবেদক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ আসরে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নিয়মানুসারে আইপিএলের আগামী আসর থেকে প্রতিটি দল ১জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে যে ম্যাচে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইপিএলের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কমিটি। তারা জানায়, ‘আইপিএলে একটি নতুন মাত্রা যোগ করার জন্য একটি কৌশলগত ধারণা চালু করা হবে, যেখানে প্রতিটি দলে একজন বদলি খেলোয়াড় ম্যাচে আরো সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।’

বিসিসিআই কর্তৃক বদলি খেলোয়াড়ের এই কৌশলগত ধারণার পরিক্ষা চালানো হয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। এই লিগে টসের সময় অধিনায়ককে ৪ জন বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করতে বলা হয় যেখান থেকে একজন ‘ইম্পেক্ট’ খেলোয়াড় ম্যাচের শুরুর একাদশ থেকে যে কারো বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পাবে। তবে তা প্রতিটি ইনিংসের ১৪ তম ওভারের মধ্যেই করতে হবে। তবে আইপিএলে বদলি খেলোয়াড় নামানোর নিয়মের বিস্তারিত এখনো জানা যায়নি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »