নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবশেষ এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে চোটে পড়েছিলেন পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা শাহিন আফ্রিদি। ফলে খেলতে পারেননি এশিয়া কাপে, কিছুটা শঙ্কা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়েও।
তবে এবার আর কোনো শঙ্কা বা সংশয় রইলো না। সব শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে ইতোমধ্যেই শতভাগ ফিট হয়ে ওঠেছেন এই পেসার। খেলবেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও।
আফ্রিদি বলেন, ‘গত ১০ দিন ধরে কোনো সমস্যা ছাড়াই আমি পুরো রানআপ ও গতিসহ ছয় থেকে আট ওভার বোলিং করছি। যদিও আমি নেটে বোলিং এবং ব্যাটিং উপভোগ করেছি, তবে ম্যাচ পরিস্থিতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ম্যাচ খেলতে আমি মুখিয়ে আছি।’
বল হাতে বাইশ গজে গতির ঝড় তোলা এই পেসার কয়েক সপ্তাহ ধরে ছিলেন পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে। তবে এই সময়টায় নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়েছেন এই পেসার।
শাহীন বলেন, ‘কঠিন এবং চ্যালেঞ্জিং পুনর্বাসন প্রোগ্রাম ছিল এটি। তবে আমি পুরোপুরি উপভোগ করেছি। সত্যি বলতে, আমি আগের চেয়ে ফিট অনুভব করছি এবং খেলার জার্সি পরতে মুখিয়ে আছি।’
