দুঃসময়ে বাবরদের পাশে দাঁড়ালেন রমিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইদানিং পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। যার কারণে হারতে হচ্ছে ম্যাচ। এ নিয়ে চারদিকে সমালোচনার শেষ নেই। তবে সেসবে কান দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। দুঃসময়ে দলের পাশে দাঁড়ালেন বোর্ড সভাপতি।

রমিজ রাজার মতে, সঠিক পথে আছে দল। টুইটারে পিসিবির শেয়ার করা একটি ভিডিওতে রমিজ বলেন, ‘খুব সহজেই সমালোচনা করা যায়। বলে ফেলা যায় যে, আপনি আধুনিক যুগে এসেও পুরাতন ধাঁচের ক্রিকেট খেলছেন।’

‘তবে বর্তমান দলটির খেলার একটি নিজস্ব ধরণ আছে এবং তাতে আমি কোন সমস্যা দেখেছি না। কারণ গত এক বছরে দলের সাফল্যের হার ৮০%। দলের সবার ভূমিকাই আলাদা, তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয়।’ – রমিজ যোগ করেন।

বোর্ড সভাপতি আরও বলেন, ‘সমর্থকদের দৃষ্টিভঙ্গি সঠিক। তবে আমি তাদেরকে বলতে চাই আমরা পাকিস্তান ক্রিকেটকে পুনর্গঠন করতে চাচ্ছি।মাঠে ক্রিকেটাররা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করছে। আইসিসি এওয়ার্ডের দিকে তাকালেই দেখবেন পাকিস্তানের চারজন পুরস্কার পেয়েছে।’

‘এজন্যই আমরা জুনিয়র লিগ আয়োজন করছি। সেরা ১০০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছি। তাদেরকে ৩-৪ বছরের মধ্যে মাঠে নিয়ে আসবো, যারা উদ্যমী হবে এবং আধুনিক ক্রিকেট খেলবে।’ – সবশেষ রমিজ যোগ করেন।

কিছুদিন পরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে পাকিস্তান। এবারের আসরে সরাসরি সুপার টুয়েলভে গ্রুপ ‘২’ এ খেলবে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »