নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে নিজেদের খানিক ঝালিয়ে নেবে টাইগাররা।
আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্য উড়াল দিয়েছে বাংলাদেশ দল। তবে দলের সাথে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এই সিরিজেও খেলবেন না সাকিব। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সাকিব বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে খেলছেন।
দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি দুবাইয়ে কিছু প্রশিক্ষণ সেশনেও অংশ নেবে বাংলাদেশ। গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে দলের ঢাকায় অনুশীলন সেশন ব্যর্থ হয়। বেশ তাড়াহুড়ো করেই এই সফরের আয়োজন করা হয়।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। ম্যাচদুটির নির্ধারিত সময় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
সিরিজ শেষে বাংলাদেশ দল ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে। এরপর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াডঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
