নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং বোলিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। তবে হার্দিকের উপর থেকে বোলিংয়ের চাপটা কমিয়ে নিতে বললেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। হার্দিকের চার ওভারের বদলে অতিরিক্ত একজন পেসার দলে চান তিনি।
এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে পাকিস্তান এবং হংকংয়ে হারিয়ে সহজেই সুপার ফোরে ওঠে ভারত। কিন্ত সুপার ফোরে উঠেই শুরু হয় বিপত্তি। ইনজুরির কারণে শুধু এশিয়া কাপ নয়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান দলটির অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
জাদেজার জায়গায় দলে যুক্ত হন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। কিন্তু সুপার ফোরের ম্যাচে অক্ষরকে দলেই নেয়নি ভারত। নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার এবং আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যায় অলরাউন্ডার হার্দিককে। বোলিংয়ে যুবেন্দ্র চাহালের সঙ্গে ছিলেন আরেক লেগ স্পিনার রবি বিষ্ণই।
এটাই পছন্দ হয়নি পূজারার। তার মতে, অলরাউন্ডার হার্দিককে পুরোদমে বোলিংয়ে কাজে লাগানো উচিত নয় ভারতের। এতে তার উপর চাপটা বেশি পড়ে যায়। এক্ষেত্রে বাড়তি পেসার দলে চান তিনি। তার পছন্দ আভেষ খান।
পূজারা বলেন, “আমি আগের কথায় অটল থাকবো। আমার মনে হয় অক্ষরের দলে জায়গা পাওয়া উচিত। আমার মনে হচ্ছে দলে পরিবর্তন জরুরী। আমাদের এই কম্বিনেশন কাজে লাগছে না। হার্দিক দারুণ বোলিং করছে ঠিকই।”
“তবে আপনি চাইবেন না সে সবসময় চার ওভার করে বোলিং করুক। আভেষ খান যদি ফিট হয়ে থাকে, তাহলে তারও একাদশে ফিরে আসা উচিত।” – পূজারা যোগ করেন।
