ক্রিকেটে ফিরছেন পেইন, দেখা যেতে পারে বিগব্যাশে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ান তারকা টিম পেইন। শুরুতে লক্ষ্য হিসেবে ঠিক করেছেন শেফিল্ড শিল্ড। সে অনুযায়ী ইতোমধ্যেই তাসমানিয়ার হয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। তাকে দেখা যেতে বিগব্যাশেও। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে পারেন সাবেক অজি অধিনায়ক।

তাসমানিয়া দলের কোচ জেফ ভন হ্যারিকেন্সের প্রধান কোচের দায়িত্বে আছেন। আর এটাই পেইনের জন্য বাড়তি এফোর্ট। তিনি চাচ্ছেন পেইন বিগ ব্যাশে হ্যারিকেন্সের হয়ে খেলুক। যদিও এখনও তেমন কিছুই চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা আছে, কারণ আগেও হ্যারিকেন্সে খেলছেন পেইন।

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়কের বিগ ব্যাশে ফেরা প্রসঙ্গে ভন বলেন, “দুই সপ্তাহ আগেই সে অনুশীলনে এসেছে এবং নেটে দারুণ অনুশীলন করছে। সে শারীরিকভাবেও ফিট। মানসিকভাবেও দারুণ ফুরফুরে। একটা সম্ভাবনা আছে (বিগ ব্যাশ লিগে খেলার)। শেষ খেলোয়াড় হিসেবে সে এমন একজন ক্রিকেটার যে আমাদের বিবেচনায় আছে।”

‘সে কিপিংও করছে এবং আমাদের বলছে তার কেমন লাগছে। নেটে তার কিপিং দক্ষতার ওপর আমাদের বিশ্বাস আছে। ১২ বা ১৮ মাস আগে সে যেভাবে অনুশীলন করত, এখনও সেভাবেই করছে।’ – ভন আরও যোগ করেন।

সর্বশেষ অ্যাশেজ শুরুর আগে নারী কেলেঙ্কারিতে বেশ ভালোই ঝামেলায় পড়েন পেইন। মিডিয়ায় চলে আসে পেইনের কিছু অশোভনীয় বার্তা। ২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন তিনি।

এই ঘটনার পর অ্যাশেজ থেকে সরে দাঁড়ান তিনি। তার জায়গায় দায়িত্ব পান প্যাট কামিন্স। এরপর মানসিকভাবে ঘুরে দাঁড়াতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এই উইকেটকিপার ব্যাটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »