নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার শেষ ছিলো না। তাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই হারের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে আইসিসির নতুন এক নিয়মকে। যার কারণে শেষ তিন ওভারের রোমাঞ্চে জয়ের পাল্লাটা ভারতের দিকেই ঝুঁকে পড়ে বেশি।
ম্যাচে দুই দলের ইনিংসেই দেখা গিয়েছিলো যে, শেষ তিন ওভার ত্রিশ গজ বৃত্তের ভেতর একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করেছিলো ভারত ও পাকিস্তান। এটা আসলে আইসিসির নতুন একটা নিয়ম। যা চলতি বছরের জানুয়ারী মাস থেকে কার্যকর করা হয়েছে। তখন থেকেই চলছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী ইনিংসের শেষ ওভার শুরু করার একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়া থাকে। যাকে কাট অফ টাইম বলা হয়। সেই সময় পার হয়ে যাওয়ার পর থেকে ত্রিশ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলতে হবে।
এই নিয়ম ফিল্ডিং টিমের জন্য বেশ প্রভাব ফেলার কথা। যেটা দেখা গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। পাকিস্তানের বিপক্ষে ভারতও কাল শেষ তিন ওভার বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি নিয়ে খেলেছে। পার্থক্য হচ্ছে, ভারত শেষ তিন ওভার দারুণভাবে ব্যবহার করলেও পাকিস্তান পারেনি। ক্রিজে তাদের কোনো সেট ব্যাটার ছিলো না।
হারিস রউফের করা শেষ ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন হার্দিক পান্ডিয়া। এখানেই মূলত হেরে গেছে পাকিস্তান। ভারতের করা শেষ ৩ ওভারে তাদের কোনো হার্ডহিটার ব্যাটার ছিলো না।
