শেষ ওভারে বোলারই চাপে ছিলো: হার্দিক পান্ডিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের জিততে হলে শেষ ৬ বলে প্রয়োজন ৭ রান। হাতে ছিলো ৫ উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের প্রথম বলেই আউট হয়ে ফেরেন রবীন্দ্র জাদেজা। দিনেশ কার্তিক দ্বিতীয় বলে একটি রান নিয়ে হার্দিক পান্ডিয়াকে স্ট্রাইক দিলেন। ওভারের তৃতীয় বলটি ডট দিলেন পান্ডিয়া। কার্তিকের মুখে হতাশার ছাঁপ। তবে চতুর্থ বলেই বিশাল এক ছক্কায় সব উড়িয়ে দিলেন পান্ডিয়া।

মূলত পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট। এরপর ব্যাট হাতে ৪টি চার ও ১টি ছয়ের মারে মাত্র ১৭ বলে করেছেন অপরাজিত ৩৩ রান। ম্যাচসেরার পুরস্কারটাও জিতেছেন পান্ডিয়াই।

ম্যাচ শেষে নিজের এমন পারফরম্যান্স এবং শেষ ওভারে মারা ওই ছক্কার রহস্য জানিয়েছেন পান্ডিয়া। তিনি বলেন, “এ ধরনের রান তাড়ায় আপনাকে সব সময় ওভার ধরে খেলতে হবে। আমি জানতাম ওদের একজন তরুণ বোলার আছে। এছাড়া একজন বাঁহাতি স্পিনারও (নওয়াজ) আছে।”

এমন অবস্থায় বোলারই বেশি চাপে থাকেন জানিয়ে পান্ডিয়া বলেন, “‘আমাদের তো মাত্র ৭ রান প্রয়োজন ছিল। যদি ১৫ রানও লাগত, আমি সুযোগ নিতাম। আমি জানি ২০তম ওভারে বোলারই আমার চেয়ে বেশি চাপে থাকবে। আমি জিনিসগুলো সহজভাবে ভাবার করার চেষ্টা করি।”

নিজের বোলিং নিয়েও কথা বলেছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিক বলেন, “বোলিংয়ে আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। এরপর ঠিকভাবে অস্ত্র ব্যবহার করতে হবে। আমার শক্তির জায়গা শর্ট আর হার্ড লেংথের বল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »