নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান এশিয়া কাপে বাংলাদেশ দলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের ডেপুটি হিসেবে আফিফের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাল সবুজের জার্সিতে সর্বশেষ ৪ বছরে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত মুখ আফিফ হোসেন ধ্রুব। ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন অব্দি ৪৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মিডল অর্ডারে দলের ভরসা এই তরুণ।
আফিফকে নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা আগেই শোনা গিয়েছিল। এশিয়া কাপের মতো বড় মঞ্চে আফিফকে এমন দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে বিসিবি জানান দিয়েছে যে, বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কী আছেন খুব ভালোভাবেই।
আজ দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান এর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের চলতি আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে, চমক দেখিয়ে লঙ্কানদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।
শারজায় আগামী ৩০ আগস্ট এই আফগানদের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
