নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। অবসর নেয়ার কারণ হিসেবে ব্যাস্ত আন্তর্জাতিক সূচিকে দায়ী করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। এর আগে এমন ব্যস্ত সময়সূচি নিয়ে আপত্তি তোলার কারণেই নাকি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হয়েছিলেন কেভিন পিটারসেন।
নাসের হুসেইন, মাইকেল ভনের মতো ইংল্যান্ডের সাবেক তারকারাও এমন সূচিকে ‘পাগলাটে’ বলেই অভিহিত করছেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিজের ক্যারিয়ারের একটি ঘটনা শেয়ার করেছেন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কও একই কারণে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
পিটারসেন বলেন,”আমি একবার বলেছিলাম যে, সময়সূচীটি ভয়ঙ্কর এবং আমি মানিয়ে নিতে পারছি না, তাই আমি ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। এরপর ইসিবি আমাকে টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করেছিল।”
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেয়ার পর একটি বিবৃতি দিয়েছেন স্টোকস। যেখানে তিনি বলেছেন, তিন ফরম্যাট মিলিয়ে ব্যাস্ত সূচি অনুযায়ী খেলা তার পক্ষে সম্ভব নয়। ফলেই এক ফরম্যাটকে বিদায় জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
স্টোকস বলেন,”আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।”
