‘আমরা গাড়ি নই’ ঠাসা সূচি নিয়ে বিরক্ত স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একটি সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হচ্ছে আরেকটি। কখনও আবার একই সময়ে চলছে একই দেশের দুটি সিরিজ। এতে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ মিলছে সামান্যই। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি নিয়ে তাই কর্তৃপক্ষকে এক হাত নিলেন বেন স্টোকস। খেলোয়াড়দেরকে নিজের ‘গাড়ির মতো’ ধরে নেওয়া বন্ধ করার অনুরোধ জানালেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

আরও বললেন, ওয়ানডে থেকে তার অবসর ক্রিকেট প্রশাসকদের জন্য একটি সতর্কবার্তা।

আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতে ওয়ানডে থেকে সোমবার অবসরের ঘোষণা দেন স্টোকস। বলেন, তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়া তার জন্য খুবই কঠিন। এখন টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটে তার সবটা দিতে চান এই পেস বোলিং অলরাউন্ডার।

গত ২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ও ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এসব সিরিজ চলাকালীন সময়েই তাদের আরেকটি দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে নেদারল্যান্ডস সফরে।

ভারতের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার দুই দিন পরই শুরু হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভারতের বিপক্ষে রোববার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার একদিন পরই শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ১২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশরা খেলবে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট।

আগামী ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১০০ দিনের বেশি মাঠে থাকতে হবে ইংলিশ ক্রিকেটারদের।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্টোকস বিশ্রামে ছিলেন। টেস্ট সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভারের ম্যাচের সিরিজও খেলবেন না তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে মঙ্গলবার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামার আগে ব্যস্ত সূচি নিয়ে হতাশা প্রকাশ করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

“আমরা গাড়ি নই…যে মাঠে যাব এবং জ্বালানী নিয়ে আবার চলার জন্য প্রস্তুত হব। আমাদের একটি টেস্ট সিরিজ ছিল এবং একই সময়ে ওয়ানডে দলের একটি সিরিজ চলছিল। এটা হাস্যকর।”

“আমার মনে হয়, এখন তিন ফরম্যাটেই অনেক বেশি ক্রিকেট হচ্ছে। আগের চেয়ে এটা অনেক কঠিন। অবশ্যই একজন খেলোয়াড় যতটা সম্ভব ক্রিকেট খেলতে চাই। কিন্তু যখন বিষয়টা ক্লান্তিকর হয়ে যায় এবং পাঁচ-ছয় মাস পরে কী হবে সেটা ভাবতেই হয়…সেটা সম্ভবত ভালো কিছু নয়।”

এসবের পরিবর্তন না হলে মাঠের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

“যত বেশি ক্রিকেট ম্যাচ হবে, খেলাটির জন্য তত ভালো। কিন্তু সবাই সর্বোচ্চ মানের পন্য চায়। চাওয়া থাকে সেরা খেলোয়াড়রা যতটা সম্ভব খেলুক এবং সেটা শুধু আমি বা আমাদের ক্ষেত্রে নয়। সারা বিশ্বে সব দলকেই এখন নির্দিষ্ট কিছু সিরিজে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে হচ্ছে, যাতে তারা মনে করে যে তারা বিরতি পাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »