নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুই কীর্তি গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম ইনিংসে তিনি ১০ হাজার রানের ঘরে ঢুকেছেন। দ্বিতীয় ইনিংসে ঢুকেছেন তিন হাজার রানের ক্লাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাবর প্রথম ইনিংসে খেলেন ১১৯ রানের দুর্দান্ত ইনিংস। দলের অর্ধেকের বেশি রান তার ব্যাট থেকেই পায় পাকিস্তান। ওই ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের কীর্তি গড়েছেন পাকিস্তান অধিনায়ক।
দ্রুত ১০ হাজার রান করার ক্ষেত্রে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি। বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি ক্লাবে ঢুকতে সব মিলিয়ে নিয়েছেন ২২৮ ইনিংস। বিরাটের লেগেছিল ২৩২ ইনিংস। সবচেয়ে কম ইনিংসে ২০৬ ইনিংসে ১০ হাজার রান করেন ভিভ রিচার্ডস।
বাবর আজম শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ওই ইনিংস দিয়ে ৪১ টেস্টের ৭৩ ইনিংসে তিন হাজার রান করেছেন তিনি। তার বর্তমান রান তিন হাজার ২৫। তবে তিন হাজারের ক্লাবে ঢুকতে বিরাটকে ছাড়াতে পারেননি তিনি। সাবেক ভারতীয় অধিনায়কও ৭৩ ইনিংসে তিন হাজার টেস্ট রান করেছিলেন।
