নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ‘সাইড বেঞ্চের’ শক্তিমত্তা পরখ করে দেখতেই পারতো টিম ম্যানেজমেন্ট। এর আগে সিরিজ নিশ্চিত হওয়ার পর তামিম ইকবাল এমন পরিকল্পনার কথাই জানিয়েছিলেন। তবে টিম ম্যানেজমেন্টের কাছে বেশি গুরুত্ব পেয়েছে জয়, ফলে শেষ ম্যাচেও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ কিংবা এবাদত হোসেনদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনে রীতিমতো নাখাল হয়েছে ক্যারিবিয়ানরা। শুরুর দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ‘সাইড বেঞ্চের’ খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ ছিল।
তামিম জানিয়েছিলেন প্রয়োজনে তিনি নিজে খেলবেন না, তারপরও ‘সাইড বেঞ্চের’ খেলোয়াড়দের সুযোগ করে দেবেন বাংলাদেশের অধিনায়ক। এমনকি কোচ রাসেল ডমিঙ্গোও দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, আগামী বিশ্বকাপে তাকিয়ে এসব ম্যাচে কয়েকজন ক্রিকেটার বাজিয়ে দেখতে চান তারা।
তামিম বলেন,”এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।”
শেষ ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেট হওয়ায় তাইজুলকে খেলানো হয়েছে, ম্যাচ শেষে তা জানিয়েছেন তামিম।
বাংলাদেশের অধিনায়ক আরও বলেন,”একটাই পরিবর্তন করার কথা ছিল, কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়। আমি যে কথাটি বলেছিলাম, তা অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, তাতেও আমি ‘কনভিন্সড।’ দল যখন ভালো করছে, শেষটাও ভালোভাবে করা উচিত।”
