আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দেশটির একশ বলের টুর্নামেন্ট দা হানড্রেডেও খেলবেন না তিনি। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার আলাদা দুইটি দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টি-টোয়েন্টিতে না খেললেও ওয়ানডের লড়াইয়ে টেস্ট অধিনায়ক স্টোকসকে পাচ্ছে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্টও খেলবে ইংলিশরা। ওই সিরিজের দল এখনও দেওয়া হয়নি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ দিয়ে স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় স্টোকসের। গত বছর স্থগিত হওয়া ভারত সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি নতুন সূচিতে তারই নেতৃত্বে খেলে ইংল্যান্ড। পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্টোকসকে বিশ্রাম দেওয়া হয়। খেলছেন তিনি চলমান ওয়ানডে সিরিজে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনায় স্টোকসকে আবারও বিশ্রাম দেওয়া হয়েছে। এতে আসছে দা হানড্রেডের দ্বিতীয় আসরে তাকে পাবে না নর্দার্ন সুপারচার্জার্স।

পবিত্র হজ পালন শেষে দলে ফিরেছেন আদিল রশিদ। সাদা বলের দুই দলেই আছেন এই লেগ স্পিনার। বাদ পড়েছেন আরেক লেগ স্পিনার ম্যাট পার্কিনসন।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকা জনি বেয়ারস্টো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছেন দুই দলেই।

নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার ম্যাথু পটস। চার টেস্টে মোট ১৮ উইকেট নেন তিনি ২৬.৭২ গড়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৬ উইকেট এই পেসারের নামের পাশে।

টি-টোয়েন্টি দলে জায়গা হলেও ওয়ানডে দলে নেই হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়ে খরুচে বোলিং করে এবার বাদ পড়েছেন টাইমাল মিলস।

আগামী মঙ্গলবার থেকে শুরু দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। টি-টোয়েন্টি তিনটি যথাক্রমে ২৭, ২৮ ও ৩১ জুলাই।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লিসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »