নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের বর্তমান চার সিনিয়র ক্রিকেটার হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলের এই চার সিনিয়রের ‘বিদায়’ হতে চলেছে ২০২৩ বিশ্বকাপের পরই। গতকাল ওয়ানডে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তামিম।
আন্তর্জাতিক অঙ্গনে ১৭ বছর ধরে খেলছেন মুশফিক, সাকিব খেলছেন ১৬ বছর ধরে। তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৫ বছর আগ থেকে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে মাহমুদউল্লাহর ১৫ বছর পূর্ণ হবে কদিন পরই। তবে ক্রিকেটারদের যে যখনই বিদায় নিক, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপটিই যে এই চারজনের শেষ, সেটাই পরিষ্কার তামিমের কথায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর তামিম বলেন,”এখনও অনেক জায়গা আছে, যেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। ২০২৩ বিশ্বকাপ সম্ভবত হবে আমাদের জন্য সবচেয়ে বড় আসরগুলির একটি, বিশেষ করে আমাদের চার জনের জন্য, আমরা খুব সম্ভবত সেখানেই শেষ করব। আমাদের স্রেফ সম্ভাব্য সেরা দল সমন্বয় ও সেরা দল গড়তে হবে।”
