শুরুর আগেই শেষ থর্পের আফগানিস্তান অধ্যায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে বছর দশেক দায়িত্ব পালনের পর গত মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে জানানো হয় থর্পের নাম। এপ্রিলের শেষ দিকে দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। কিন্তু দায়িত্ব নিতে পারেননি তিনি। কদিন পর জানা যায়, অসুস্থ হয়ে হাসপাতালে অচেতন থর্প। অসুস্থতার ধরন জানানো হয়নি, তবে বলা হয় তা ‘গুরুতর।’

এরপর থেকে স্থানীয় কোচ রাইস খান আহমাদজাইকে দিয়ে কাজ চালিয়ে আসছে আফগানিস্তান। থর্পের অবস্থার অগ্রগতি হয়নি এতদিনেও। আফগান বোর্ড তাই এখন খুঁজছে বিকল্প।

ইংল্যান্ডের কোচিং স্টাফে মূলত ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন থর্প। তবে নানা সময়ে প্রধান কোচের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন। গত অ্যাশেজে দলের ব্যর্থতার পর ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটসম্যানকে বরখাস্ত করে ইংল্যান্ড। ৫২ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, এটি নিয়েই এখন শঙ্কা।

আফগানিস্তান এর মধ্যে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রায়ান ম্যারনকে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ফিল্ডিং কোচ হিসেবে পরিচিতি আছে তার। আফগানিস্তানেই তিনি ২০১৫ ও ২০১৭ সালে দুই দফায় কাজ করেছেন ফিল্ডিং কোচ হিসেবে। একই দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলেও।

আপাতত ম্যারনের সঙ্গে আফগানদের চুক্তি ৬ মাসের। পারফরম্যান্স ভালো হলে পরে মেয়াদ বাড়ানো হবে আরও।

কদিন আগে বোলিং কোচ হিসেবে আফগানিস্তান জানিয়েছে উমর গুলের নাম। পাকিস্তানের সাবেক পেসারের সঙ্গে তাদের চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »