স্মিথ নিজেই নিজের কঠোর সমালোচক: ল্যাবুশেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

১৬ ইনিংস পর অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্টিভ স্মিথ। অজি এই ব্যাটারের জন্য নিঃসন্দেহেই এতদিন ছিল সেঞ্চুরির খরা। আর এই খরা কাটাতে যে কত উদগ্রীব ছিলেন স্মিথ, সেটা জানা গেল সতীর্থ মারনাস ল্যাবুশেনের কথায়।

গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। এর আগে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে। প্রতিপক্ষ ছিল ভারত, ভেন্যু সিডনি। এতো লম্বা বিরতিতে থেকে একটুও স্বস্তিতে ছিলেন না অস্ট্রেলিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক।

ল্যাবুশেন বলেন,”স্মিথ নিজেই নিজের সবচেয়ে কঠোর সমালোচক। গত ৮-৯ বছরে অস্ট্রেলিয়ার হয়ে একটি মানদণ্ড তৈরি করেছে সে। যথেষ্ট ভালো ব্যাটিং করছিল সে (সেঞ্চুরি খরার সময়), ব্যাপারটি ছিল স্রেফ আত্মবিশ্বাসের।”

ল্যাবুশেনের বিশ্বাস, শ্রীলঙ্কার মাটিতে পাওয়া এই সেঞ্চুরি আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে স্মিথের। এমনকি আগামী বিশ ইনিংসে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন স্মিথ, এমনটাই প্রত্যাশা ল্যাবুশেনের।

তিনি আরও বলেন,”আজকে সেই আত্মবিশ্বাস পেয়ে গেছে। আমার ধারণা, বাঁধ ভেঙে যাওয়ায় রানের জোয়ার বইবে এখন এবং পরের বছর পর্যন্ত ১০ টেস্ট বা এই সময়ে তাকে সত্যিই বড় কিছু করতে দেখা যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »