নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বেশ খরুচে ছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে এ ম্যাচে পেসারদের ইকোনমি রেট ছিল প্রায়’৯’ উপরে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর আগের দিন এর কারণ জানালেন মুস্তাফিজুর রহমান।
ডমিনিকায় দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ৪-০-৩৭-০। ওভারপ্রতি ৯.২৫ রান করে দিয়েছেন বাঁহাতি এই পেসার। এছাড়া তাসকিনের ইকোনমি রেট ছিল ১৫.৩৩। আরেক পেসার শরিফুল ইসলামের ইকোনমি রেট ছিল দশ। মূলত এশিয়ার বাইরে খেলা হওয়ায়, উইকেট বোলারদের অনুকূলে না থাকায় ইকোনমি রেট বেড়ে যায় বলে মনে করছেন মুস্তাফিজ।
তিনি বলেন,”এশিয়ার উইকেট একরকম। এশিয়ার বাইরে উইকেট আরেকরকম। এশিয়ার বাইরে ট্রু বা ভালো উইকেট থাকে। এশিয়ার মধ্যে দেখবেন অন্য দলের ১৫০ করতেও কষ্ট হয়। আর এশিয়ার বাইরে দেখবেন ২০০ রানও নিরাপদ না। এ কারণে আপনার ইকোনমি বাড়তে পারে। আমার যেটা মনে হয়।”
সাম্প্রতিক সময়ে নিজের চেনা ছন্দে নেই মুস্তাফিজ। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। কোচের পরামর্শ নিয়ে উন্নতির চেষ্টা করছেন প্রতিনিয়ত।
মুস্তাফিজ আরও বলেন,”আমার মনে হয়, এক-দেড় বছর আমার পারফরম্যান্স ছিল না। শেখার তো শেষ নেই। উন্নতি প্রতিদিন করা যায়। চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য। বিশ্বের আরও ভালো ভালো বোলারদের মতো কীভাবে হওয়া যায় তা চেষ্টা করছি। স্কিল, ফিটনেস বা আর যা আছে কোচের পরামর্শ নিয়ে তা শিখছি।”
