ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই জিম্বাবুয়ে যাবে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। সেখান থেকে ফিরেই টাইগারদের যেতে হবে জিম্বাবুয়ে সফরে। তবে টেস্ট দলের ক্রিকেটাররা সফর থেকে বাদ পড়বেন। কারণ এই সফরে নেই কোনো টেস্ট সিরিজ। তাই বিশ্রামে থাকার সুযোগ পাবেন টেস্ট ক্রিকেটাররা। যতটা জানা গেছে, জিম্বাবুয়ে সফরে মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেরই হবে কঠিন পরীক্ষা। চলতি মাসের শেষ দিকেই যাবে জিম্বাবুয়ে সফরে। সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি।

যেহেতু জিম্বাবুয়ের বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। আশা করছি ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষের দিকে আমাদের দল যাবে। আগস্টের মধ্যেই তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি খেলে আমাদের দল ফিরে আসবে।’ অন্যদিকে জিম্বাবুয়ে সফরের আগে খুব বেশি সময় পাওয়া যাবে না। সে ক্ষেত্রে অনুশীলন ক্যাম্প কিংবা প্রস্তুতির বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় কম হলেও টিম ম্যানেজম্যান্টই অনুশীলনের পরিকল্পনা করে রেখেছে বলে জানান নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘(ক্যাম্প, প্র্যাকটিস) পুরো বিষয়টা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। শিগগিরই আমরা ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, সিনিয়র খেলোয়াড়, নির্বাচক, বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঠিক করে নেব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের সূচি ঠিক করে জানিয়ে দিতে পারবো।’

অন্যদিকে অক্টোবরে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের অন্যতম চ্যালেঞ্জ এশিয়া কাপ। এই আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এশিয়া কাপের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আসরটি শ্রীলঙ্কার আয়োজন করার কথা।

কিন্তু দেশটির টালমাটাল অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দেখা দিয়েছে জটিলতা। জানা গেছে, সব বাধা পেরিয়ে লঙ্কানরাই এই আসরের আয়োজন করতে পারে। এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ‘এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত এসিসি থেকেই আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়তো কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »