নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডমিনিকায় আজ শনিবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে জিততে হলে দলগত পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।
দল ওয়েস্ট ইন্ডিজে থাকলেও বাশার সামনে থেকে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করতে তিনি এখন রাজশাহীতে। সেখানেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি।
বাশার বলেন,”ডমিনিকায় চ্যালেঞ্জিং হবে খেলা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল হিসেবে এখন ভালো। আমরা যখন জিতি দলীয়ভাবে খেলেই জিতি। আমাদের টি-টোয়েন্টি দলটা এমন নয় যে কেউ এসে বিস্ফোরক ইনিংস খেলে যাবে বা ৫ উইকেট নিয়ে নেবে। তারপরও আমরা এই দলটা নিয়ে অনেক ম্যাচ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হারিয়েছি।”
দীর্ঘ ৫ বছর পর ডমিনিকার উইন্ডসর পার্কে গড়াচ্ছে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এই মাঠে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বাশার। সিরিজে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাবেই সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না তিনি।
জাতীয় দলের এই নির্বাচক বলেন,”চ্যালেঞ্জিং হবে অবশ্যই। আমরা যে ক্রিকেটটা খেলি টি-টোয়েন্টিতে টিম গেম। সেটা যদি খেলতে পারি ভালো করা সম্ভব। অবশ্যই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই টি-টোয়েন্টি সিরিজে আমাদের ব্যাটিং-বোলিং দুটোতেই আমাদের সেরা পারফরম্যান্সটা করতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো দল এই ফরম্যাটে।”
