নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ক্যারিবিয়ান সিরিজে পবিত্র হজ পালনের জন্য এ সফরে যাননি মুশফিকুর রহিম। যে কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে মিডল অর্ডারে মুশফিকের শূন্যতা টের পাওয়া গেছে বেশ ভালোভাবেই। এবার টি-টোয়েন্টিতে অভিজ্ঞ এই ব্যাটারদের বিকল্প খোঁজার চেষ্টায় আছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, মুশফিকের শূন্যতা পূরণে তরুণদের দিকে চেয়ে আছেন তিনি। তার বিশ্বাস যেই সুযোগ পাবেন পারফর্ম করে দলকে এগিয়ে নেবেন। এ কারণেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার দলপতি।
তিনি বলেন,”মুশফিক আমাদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। তবে এটা ওর জায়গা পূরণ করার ভালো একটা সুযোগ। তার জায়গায় যে-ই সুযোগ পাবে তার জন্য এটা অনেক ভালো সুযোগ। আসলে দল হিসেবেই আমাদের জন্য এটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ।”
দেশের মাটিতে দারুন খেললেও দেশের বাইরে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুব বেশি ভালো নয়। এমন পরিসংখ্যান মাথায় রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। অক্টোবরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রস্তুতিটাও এখান থেকেই শুরু হচ্ছে বলে জানালেন মাহমুদউল্লাহ।
তিনি বলেন,”এখান থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে। টি-টোয়েন্টি খুব অল্প সময়ের। আপনাকে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিতে নিতে হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই এগোচ্ছি। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। যে চ্যালেঞ্জই আসুক আমরা মোকাবেলা করতে চাই।”
