নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত কয়েক বছর ধরে সাদা পোশাকে ইংল্যান্ড টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সহ দলে বড় পরিবর্তন আনে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন কোচ আর নতুন অধিনায়কের অধীনে ইংলিশদের সাদা পোশাকের ক্রিকেটে এখন রঙ লেগেছে। এমনকি বদলে যাচ্ছে তাদের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়াও। দলে সুযোগ পেতে হলে, শুধু ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেই হবে না, মানসিকতা কিংবা খেলার ধরন দেখে জাতীয় দলে ডাকবেন নির্বাচকরা।
ম্যাককালাম-স্টোকসের যুগে এসে ইংলিশদের লাল বলের ক্রিকেটে যেন বসন্তের হাওয়া লেগেছে। কেননা নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি।
এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট।
স্টোকস বলেন,”আমি বলব, আপনি ব্যাটিং করেন বা বোলিং, কোন মানসিকতা এবং কোন ঢঙে আপনি খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার পরিসংখ্যান বা অমন কিছু গুরুত্বপূর্ণ নয়। নির্বাচকদের কাছে আপনি কীভাবে খেলছেন, সেটাই প্রথম বিবেচ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের পাইপলাইনে যেসকল ক্রিকেটার আছেন, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ তাদের জন্য বড় এক বার্তা। এই সিরিজে যে নতুন এক ইংল্যান্ড দল দেখে গেছে, সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারলেই কেবল দলের দড়জায় কড়া নাড়তে পারবেন তারা। এমনটা পরিষ্কার করেই বলে দিয়েছেন ইংলিশদের সাদা পোশাকের অধিনায়ক।
স্টোকস বলেন,”আমার ধারণা, আগামী অন্তত দুই বা তিন বছর ইংল্যান্ডের হয়ে যারা টেস্ট খেলতে চায়, তাদের গত তিন ম্যাচে একটা বার্তা পৌঁছে গেছে। আমি আশা করব, যারা আমাদের দেখেছে, তারা এখন বুঝবে, দলে কড়া নাড়তে হলে এবং ঢুকতে হলে কী করতে হবে।”
