নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আবারো ফিরতে চান রাইলি রুশো। কোলপাক চুক্তিতে ইংল্যান্ডে খেলতে যাওয়া এই ব্যাটার আগেও কয়েকবার জাতীয় দলের হয়ে ফিরতে চেয়েছিলেন। যদিও তাকে সেই সুযোগ দেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
শেষবার ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ার। তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর। রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি।
বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলে বেড়িয়েছেন। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছেন তিনি।
জাতীয় দলে ফেরার ব্যাপারে রুশো বলেন,”আমি আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চাই। আমরা যদি এই ব্যাপারে সম্মত হতে পারি তাহলে বিদেশের মাটিতে খেলতে তো আর বাধা নেই। ২০১৬ তে যেমন ছিলাম সেই সময় থেকে ক্রিকেটার হিসেবে আমি শতভাগ ভালো অবস্থানে আছি। সাদা বলের ক্রিকেটে আমি বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে তাল-মিলিয়ে খেলেছি।”
