শান্ত মানসম্পন্ন খেলোয়াড়, সে শিখছে এখনো: ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভালো সম্ভাবনা আর আশার আলো দেখিয়ে বাংলাদেশ দলে আগমন ঘটে নাজমুল হোসেন শান্তর। দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলা হয়েছে, তবে কেবল মাত্র থিতু হতে পেরেছেন টেস্ট দলে। ইদানীং তার টেস্ট দলে খেলা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। কারণ এই ব্যাটারের ব্যাটে যে রান নেই!

ওয়ান ডাউনে নেমে শান্তর বড় দায়িত্ব পালন করার কথা। আর সেখানে টেস্টের মত ফরম্যাটেও হাসছে না শান্তর ব্যাট। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য বরাবরের মত এবারও শান্তকে নিয়ে শোনালেন আশার বাণী।
ডমিঙ্গো মনে করেন, শান্তর ভালো করার সামর্থ্য আছে; তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ভালো করতে হলে তাকে আরও শিখতে হবে। কাছ থেকে দেখে শান্তর মধ্যে প্রতিভার কোনো কমতি দেখেননি তিনি।

কোচের ভাষায়,”আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর আরও অনেক কিছু শেখার আছে। তার সব ধরনের সামর্থ্য আছে। বাংলাদেশের দারুণ একজন খেলোয়াড় সে।”

শান্তর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান কোচ।

ডমিঙ্গো বলেন,”লিটনের প্রথম ১৫-১৬ ম্যাচেও কিন্তু তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার গড় ছিল ২০-২১, সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠত। সেই গড় এখন ৪০ এর কাছাকাছি।”

ডমিঙ্গো আরও বলেন,”শান্ত এখনও শিখছে। টপ অর্ডারে ব্যাট করা কখনই সহজ নয়। তাও নতুন বলে, চাপের মুখে। সে ভালো খেলেনি এটা সবার আগে সে নিজেই স্বীকার করবে। তবে আমি জানি সে মানসম্পন্ন খেলোয়াড়। অনুশীলনে তার ব্যাটিং, সামর্থ্য- সব আমি দেখি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের ব্যাপারটা শিখতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »